• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ ভোর ০৪:৩৮:৫১ (14-Jun-2026)
  • - ৩৩° সে:
কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন ডেস্ক: ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্পভিত্তিক ছবিটিতে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। সে বছর পশ্চিমবঙ্গের অন্যতম সফল চলচ্চিত্র ছিল এটি।দুই বছর পর ছবিটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে। ২০২৫ সালের জুনে এর শুটিং সম্পন্ন হলেও মুক্তির তারিখ নিয়ে দীর্ঘদিন কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে জানা গেছে, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।পরিচালক কৌশিক গাঙ্গুলীর ভাষ্য অনুযায়ী, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে এগোবে নতুন কিস্তি। একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হবে প্রধান তিন চরিত্র- সুমন, শুভ্রা ও মেঘনা। আগের ছবির মতো এবারও অভিনয় করছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। নতুন সংযোজন হিসেবে থাকছেন ইন্দ্রাশিস রায়।কলকাতার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক গাঙ্গুলী বলেন, তিনটি চরিত্রের অজানা অনেক দিক এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন কিছুটা বড় হয়েছে, তবে সে এখনও জানে না যে সুমন তার জৈবিক বাবা নন। এই সত্যকে ঘিরেই নতুন সংকট তৈরি হবে এবং সেই সূত্রে দুই অর্ধাঙ্গিনীর পথ আবার এক হয়ে যাবে।অন্যদিকে জয়া আহসান বলেন, অর্ধাঙ্গিনী ছিল একটি পরিণত ও আবেগঘন গল্পের চলচ্চিত্র। এর সিক্যুয়েলের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তার মতে, প্রথম ছবিটি দর্শক সাদরে গ্রহণ করেছিলেন এবং নতুন ছবিটি ঘিরেও দর্শকের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার চেয়েও বেশি কিছু উপহার দেওয়াই নির্মাতা ও শিল্পীদের বড় চ্যালেঞ্জ।ছবিটির মুক্তিকে সামনে রেখে প্রচারণার প্রথম ধাপ হিসেবে আজ প্রকাশ করা হবে ‘আজও অর্ধাঙ্গিনী’র ফার্স্টলুক।