• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:১৯:১৮ (24-May-2026)
  • - ৩৩° সে:

হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সঙ্গে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

২৪ মে ২০২৬ সকাল ০৮:২৭:১৩

হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সঙ্গে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেনটিনথ স্ট্রিট নর্থ-ওয়েস্টের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, সেভেনটিনথ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে গুলি চালাচ্ছেন— এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিক্রেট সার্ভিস। পরে সন্দেহভাজনদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিকরা জানান, তারা দফায় দফায় কয়েক ডজন গুলির শব্দ শুনেছেন। গোলাগুলি শুরু হওয়ার পর সিক্রেট সার্ভিসের সদস্যরা ভারী অস্ত্র নিয়ে পুরো নর্থ লন এলাকা ঘিরে ফেলেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ব্যুরোর বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

গোলাগুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের নর্থ লনে দায়িত্বরত সাংবাদিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘নিচে ঝুঁকে পড়ুন’ এবং ‘গুলি চলছে’ বলে সতর্ক করতে করতে সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যান এবং সেখানে নিরাপদ আশ্রয় দেন।

ঘটনার পর দীর্ঘ সময়জুড়ে পুরো হোয়াইট হাউস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোয়াইট হাউসের লকডাউন প্রত্যাহার করা হয়।

তবে গুলিবিদ্ধ দুজনের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us