আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাঁর শুল্ক নীতির বড় অংশকে অবৈধ ঘোষণা করার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বৈশ্বিক শুল্কহার ১৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি তাঁর কঠোর শুল্কনীতি অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, আদালতের শুক্রবারের ‘চরম আমেরিকা-বিরোধী সিদ্ধান্ত’ পর্যালোচনার পর তাঁর প্রশাসন আমদানিকৃত পণ্যের শুল্কহার ‘সম্পূর্ণ অনুমোদিত এবং আইনের মাধ্যমে পরীক্ষিত’ ১৫ শতাংশে উন্নীত করছে।


এর আগে সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প আরও বলেন, আগামী কয়েক মাসে তাঁর প্রশাসন আইনসম্মত উপায়ে শুল্ক আরোপের অতিরিক্ত পথ খুঁজে বের করবে।
গত এক বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক দেশগুলোর ওপর একাধিকবার শুল্ক আরোপ, পরিবর্তন বা বাতিল করেছে। শনিবারের ঘোষণাকে সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে কার্যত পাশ কাটানোর প্রচেষ্টা। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতার আদালত ৬-৩ ব্যবধানে রায় দিয়ে জানায়, ১৯৭৭ সালের যে আইনের ওপর নির্ভর করে বিভিন্ন দেশের ওপর হঠাৎ শুল্ক আরোপ করা হয়েছিল, তা প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেয় না। আদালত ট্রাম্পের বিস্তৃত ও আকস্মিক শুল্কনীতিরও সমালোচনা করে।
আইন অনুযায়ী নতুন এই শুল্ক অস্থায়ী এবং ১৫০ দিনের জন্য কার্যকর থাকবে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ওষুধশিল্পসহ আলাদা পর্যালোচনায় থাকা খাত এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় আমদানিকৃত পণ্য এ শুল্কের বাইরে থাকবে।
এদিকে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে পৃথক শুল্কচুক্তি করা বাণিজ্য অংশীদারদেরও নতুন বৈশ্বিক শুল্কহার প্রযোজ্য হবে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প অভিযোগ করেন, আদালতের কিছু সদস্য দেশের স্বার্থ রক্ষায় সাহস দেখাতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, রায়ে তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়া বিচারকদের মধ্যে দুজনকে তিনি নিজেই মনোনীত করেছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available