আন্তর্জাতিক ডেস্ক: ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগে ১৪টি সামুদ্রিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে এগুলোকে ইরানি তেল পরিবহনে জড়িত একটি “শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর”-এর অংশ বলে দাবি করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও দুই ব্যক্তি ও ১৫টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে চীন, লাইবেরিয়া ও তুরস্কভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানিও রয়েছে। অভিযোগে বলা হয়, তারা ইরান উৎসের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য বা পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত ছিল।


ইরান ও তার তেল খাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইতিহাস দীর্ঘ। তবে শুক্রবার ঘোষিত সর্বশেষ নিষেধাজ্ঞা এমন এক সময়ে দেয়া হলো, যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সাম্প্রতিক মাসগুলোতে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আরোপ করা হয়েছে এসব নতুন নিষেধাজ্ঞা।
বিবৃতিতে বলা হয়, ‘বারবার দেখা গেছে, ইরানি সরকার নিজ নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে অস্থিতিশীল কার্যকলাপকে অগ্রাধিকার দিয়েছে, যার প্রমাণ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যা।’ যারা ইরানের অর্থনীতি টিকিয়ে রাখতে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক শাস্তি অব্যাহত থাকবে বলেও জানায় ওয়াশিংটন।
নিষেধাজ্ঞা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইরান থেকে পণ্য বা সেবা গ্রহণকারী যেকোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন। এক তথ্যপত্রে ট্রাম্প এ হুমকিকে কিউবার তেল সরবরাহকারীদের বিরুদ্ধে নেয়া অনুরূপ ব্যবস্থার সঙ্গে তুলনা করেন।
উভয় ক্ষেত্রেই কিউবা ও ইরান সরকারের বিরুদ্ধে “সন্ত্রাসবাদে সমর্থন” এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। পররাষ্ট্র দপ্তরের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো তেহরানের সরকার যে রাজস্ব ব্যবহার করে বিদেশে সন্ত্রাসবাদে সহায়তা করে এবং নিজ নাগরিকদের দমন করে, সেই অর্থপ্রবাহ বন্ধ করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available