আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৩১ মার্চ মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ট্রাম্প দাবি করেন, তার একমাত্র লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো এবং সেই লক্ষ্য এরইমধ্যে অর্জিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটি শেষ করছি। সম্ভবত যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে, অথবা চূড়ান্ত শেষ করতে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাই। তবে এর আগেও একটি চুক্তি হতে পারে।’ ইরান চুক্তিতে না আসলেও যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হয়ে যাবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে না।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চুক্তি ‘আবশ্যক নয়’। যুক্তরাষ্ট্র তখনই যুদ্ধ থেকে বের হয়ে আসবে যখন নিশ্চিত হবে যে ইরান অনেক বছর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
ইরান চুক্তির জন্য বারবার অনুরোধ করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান যুদ্ধ বর্তমানে যুক্তরাষ্ট্রর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ আছে এবং পরিস্থিতি পক্ষে রয়েছে।
তিনি দাবি করেন, ইরানের সবকিছু ধ্বংস করা হয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তারা প্রতিরোধও করছে না। তাদের নৌশক্তি আর নেই। তারা হারছে, নিজেরাই তা স্বীকার করছে। তারা চুক্তির জন্য অনুরোধ করছে।
এর আগে চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে গেলে হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় ৩১ মার্চ মঙ্গলবার নিউইয়র্ক পোস্ট-কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে ‘ধ্বংস করে দিচ্ছে’, তবে এই অভিযান আর বেশি দিন চলবে না বলেও জানান।
ট্রাম্প বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না। আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। আমাদের আর বেশি দিন থাকতে হবে না, তবে তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি।


সূত্র: রয়টার্স

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available