• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৮:০২ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

খামেনির জানাজায় গেলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

৪ জুলাই ২০২৬ সকাল ১১:০৩:০৬

খামেনির জানাজায় গেলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় বিভিন্ন দেশের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এমনকি কয়েকটি দেশকে উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার হুমকিও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে জানায়, গত পাঁচ দিনে পরিচালিত এই কূটনৈতিক প্রচারণা সর্বোচ্চ পর্যায় থেকে সমন্বয় করা হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ জুন মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনের জন্য একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে স্বাগতিক দেশগুলোর সরকারকে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠাতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় আরও বলা হয়, ইরানের এ অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম আরও দাবি করেছে, মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানাজায় অংশ না নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া আফ্রিকার কয়েকটি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সংশ্লিষ্ট দেশগুলোকে তেহরানে প্রতিনিধি পাঠালে উন্নয়ন সহায়তা স্থগিত করার হুমকি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিমের দাবি, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। এর মধ্যে তিনটি পূর্ব ইউরোপীয় দেশ, পাঁচটি আফ্রিকান রাষ্ট্র, দুটি উপসাগরীয় আরব দেশ এবং পূর্ব এশিয়ার দুটি দেশ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কয়েকটি দেশ জেনেভা ও নিউইয়র্কে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বলেও দাবি করা হয়েছে। কিছু দেশ নিম্নপদস্থ কূটনীতিক পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি বলে জানায় তাসনিম।

তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি খামেনির জানাজায় অংশ নিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। তাদের ভাষ্য, এটি খামেনির প্রতি আন্তর্জাতিক সম্মান এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার সীমিত প্রভাবের প্রতিফলন।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাকে পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় দাফন করা হবে।

এদিকে জানাজার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাসনিমের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
৪ জুলাই ২০২৬ দুপুর ১২:১০:০৫








Follow Us