• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৫:৪২ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের টুইন ফলস শহরে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩

২ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৪:৫১

যুক্তরাষ্ট্রের টুইন ফলস শহরে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় ১ আগস্ট শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর প্রায় আড়াইটার দিকে একটি রেস্টুরেন্টের সামনে প্রথম গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাইফেল হাতে রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। পরে তিনি পার্কিং লটের দিকে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। খবর পেয়ে টুইন ফলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এক সংবাদ সম্মেলনে টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস বলেন, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই।

তিনি আরও জানান, হামলাকারীর পরিচয়, উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শপিং এলাকার আশপাশের কয়েকটি সড়ক এবং একটি নিকটবর্তী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় এলাকাটি ঘিরে রেখে তল্লাশি ও আলামত সংগ্রহ করেন।

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার ম্যাজিক ভ্যালি অঞ্চলের শহর টুইন ফলস সাম্প্রতিক বন্দুক সহিংসতার নতুন শিকার। এর মাত্র এক সপ্তাহ আগে ওয়াশিংটনের সিয়াটলে একটি খাদ্য উৎসবে ১৯ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শোভাযাত্রা, ধর্মীয় উপাসনালয়, উৎসব ও জনসমাগমস্থলে ধারাবাহিক বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ