আন্তর্জাতিক ডেস্ক: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের আসিয়ানের (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট) সদস্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হোর্ন। তিনি বলেন, আসিয়ানের বর্তমান সনদ অনুযায়ী বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি সদস্য হওয়ার যোগ্যতা পূরণ করে না।
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে গত ৩১ জুলাই প্রতিবেদন প্রকাশ করে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব।
কাও কিম হোর্ন বলেন, তিমুর-লেস্তে সদস্য হওয়ার মাধ্যমে আসিয়ানের সম্প্রসারণ কার্যত সম্পন্ন হয়েছে। বর্তমান সনদ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত স্বীকৃত ১১টি দেশই এ জোটের সদস্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউগিনি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত হওয়ায় তারা সদস্য হওয়ার শর্ত পূরণ করে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ বা পাপুয়া নিউগিনিকে সদস্য করতে হলে প্রথমে আসিয়ান সনদ সংশোধন করতে হবে। আর এ জন্য সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। সনদের ভৌগোলিক শর্ত পরিবর্তন না হলে বর্তমান সদস্যসংখ্যায় কোনো পরিবর্তন হবে না।
প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর গত বছর তিমুর-লেস্তে আসিয়ানের সর্বশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে বাংলাদেশও দীর্ঘদিন ধরে জোটটির সদস্যপদ পেতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।
সূত্র: জাকার্তা গ্লোব
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available