• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৫:০১ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

হিমবাহধস-বন্যার পর তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প

২৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:০২:১৯

হিমবাহধস-বন্যার পর তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের তিব্বত অঞ্চল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতে।

২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। খবর রয়টার্সের।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলোর কয়েক শ মাইল উত্তরে। তবে ভূমিকম্পটির সঙ্গে ওই হিমবাহধসের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানানো হয়।

এদিকে, হিমবাহধস ও আকস্মিক বন্যার পর তিব্বতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। একটি প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি থাকায় চীন চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদের পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার জন্য বিশেষজ্ঞদের একটি দল গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ার পর বরফ, পাথর ও কাদার স্রোত নদীতে নেমে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ হতাহত ও নিখোঁজ রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
২৭ আগস্ট ২০২৬ রাত ০৯:২৮:১৯