আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করতে পারেননি। বরং বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, যুদ্ধটি তার জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নিউজউইক-এর এক পর্যালোচনায় বলা হয়েছে, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের শুরুর দিকে যে মাত্রার জনসমর্থন দেখা গিয়েছিল, ইরান যুদ্ধের ক্ষেত্রে শুরু থেকেই তা অনুপস্থিত। যুদ্ধ যত এগোচ্ছে, সমর্থন বাড়ার পরিবর্তে কমছে।
গ্যালাপের এক জরিপ অনুযায়ী, যুদ্ধ শুরুর প্রায় ৯৩ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে ৪০ শতাংশ নিবন্ধিত ভোটার যুদ্ধকে সমর্থন করলেও ৫৩ শতাংশ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট-ইপসোসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন নেমে এসেছে ২৯ শতাংশে। একই জরিপে ৬৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধের প্রয়োজন ছিল না।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর আগে রয়টার্স-ইপসোসের জরিপে ট্রাম্পের সামগ্রিক অনুমোদন ছিল ৪০ শতাংশ, যা পরে কমে ৩৬ শতাংশে নেমে আসে। অর্থাৎ, যুদ্ধ তাকে রাজনৈতিকভাবে সুবিধা দেওয়ার পরিবর্তে নতুন চাপের মুখে ফেলেছে।
নিউজউইকের বিশ্লেষণে যুদ্ধের কম জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি কোনো হামলার পর যুদ্ধ শুরু না হওয়া, যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দেশটির তীব্র রাজনৈতিক বিভাজন।
গ্যালাপের তথ্য অনুযায়ী, ইরানবিরোধী সামরিক অভিযানের পক্ষে রয়েছেন ৭৯ শতাংশ রিপাবলিকান, ২৬ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধের কোনো সুস্পষ্ট লক্ষণ না থাকায় এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আগামী দিনগুলোতে আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available