অনলাইন ডেস্ক: লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। ২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সার্বিক সহযোগিতা প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রত্যাবাসিতদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশে ফেরার পর আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে প্রাথমিক চিকিৎসাসেবা, খাদ্যসামগ্রী ও যাতায়াত খরচ দেওয়া হয়েছে। এ ছাড়া যাদের প্রয়োজন, তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবারও লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছিলেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available