স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপকে ঘিরে আয় বাড়াতে নতুন এক অভিনব উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের ঘাসের অংশবিশেষ স্মারক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি।
ফিফার অফিসিয়াল স্টোরের তথ্য অনুযায়ী, ফাইনালে ব্যবহৃত আসল ঘাসের প্রতিটি টুকরো ৪৫০ মার্কিন ডলারে বিক্রি করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৫ হাজার টাকার বেশি। ঘাসের প্রতিটি অংশ বিশেষভাবে সংরক্ষণ করে প্রিমিয়াম অ্যাক্রিলিক কেসে রাখা হবে এবং এর সঙ্গে থাকবে একটি ইউএসবি-ভিত্তিক স্মারক।
ফিফা জানিয়েছে, ঘাসের প্রতিটি সংরক্ষিত ব্লকের পরিমাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫ উল্লেখ করা হলেও সেটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—তা স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানের পরও সংস্থাটি আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।
স্মারকটি শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের কাছে পাঠানো হবে। তবে সরবরাহ শুরু হবে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর।
এদিকে এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়েও সমালোচনার মুখে রয়েছে ফিফা। ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য প্রায় ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার। আর খাবার-পানীয়সহ হসপিটালিটি প্যাকেজের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৩২ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।
উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে সাধারণত এনএফএলের ম্যাচে কৃত্রিম ঘাস ব্যবহার করা হয়। বিশ্বকাপ উপলক্ষে সেখানে বিশেষভাবে প্রাকৃতিক ঘাসের মাঠ প্রস্তুত করা হয়েছে। তবে এর মান নিয়ে এর আগেও কয়েকজন খেলোয়াড় ও কোচ প্রকাশ্যে সমালোচনা করেছেন।
খেলার মাঠের ঘাস বা পিচের অংশ স্মারক হিসেবে বিক্রির ঘটনা নতুন নয়। এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পরও মেটলাইফ স্টেডিয়ামের মাঠের অংশ বিশেষ নিলামে তুলেছিল ফিফা।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available