টাঙ্গাইল প্রতিনিধি: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
১০ জুলাই শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলছিলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই। রাজনৈতিক কারণে অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন, তবে আমাদের অবস্থান শুরু থেকে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে।
বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এর আগে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত একটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available