• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৪:৪১ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

টানা ২৫ মৌসুমে গোল, নতুন রেকর্ড রোনালদোর

২২ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৩:৫৯

টানা ২৫ মৌসুমে গোল, নতুন রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ২৫তম লিগ মৌসুমে গোল করে ফুটবলের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন পর্তুগিজ এই তারকা।

২১ আগস্ট শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচের ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর ৮৩তম মিনিটে গোলটি করেন তিনি। এর মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমেও লিগে গোলের খাতা খুললেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই গোলের মাধ্যমে ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ডটি ছিল সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের।

রোনালদোর এই ধারাবাহিকতা শুরু হয়েছিল স্পোর্টিংয়ের হয়ে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে লিগে গোল করেছেন তিনি। ক্লাব বদলালেও প্রতিটি মৌসুমে গোল করার ধারাটি ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।

আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন তিনি মাত্র ২৩ গোল দূরে।

এর আগে চলতি মাসে ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দেন, ২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম হতে পারে। তিনি বলেন, ফুটবলে সম্ভবত এটাই তার শেষ বছর এবং তিনি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চান।

আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত। তবে অবসরের ইঙ্গিতের পাশাপাশি ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যও তার সামনে রয়েছে। নতুন মৌসুমের শুরুতেই ৯৭৭তম গোল করে সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেলেন তিনি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৪:০০