নেইমারের জোড়া গোল, করলেন তাস বাঁটার উদযাপন
স্পোর্টস ডেস্ক: নেইমার জুনিয়রের পারফরম্যান্স যাই হোক না কেন, বিতর্ক কখনোই তার পিছু ছাড়ে না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার এক সপ্তাহের মাঝেই সাও পাওলোতে পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। তবে এবার সেই সমালোচকদের জবাব দিতে তিনি যা করলেন, তাতে বিতর্ক যেন আরও বেড়ে গেল।ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে নেইমারের সান্তোস। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সান্তোস। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধের ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে তার উদযাপন। গোল করার পর দুই হাতে তাস বিলানোর ভঙ্গি করেন ব্রাজিলিয়ান তারকা। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, উদযাপনের সময় তিনি মুখে ‘চুপা’ শব্দটিও উচ্চারণ করেন। অনেকের মতে, সাম্প্রতিক সমালোচনার প্রতিই ছিল এই প্রতীকী জবাব।এই উদযাপনের পেছনের কারণও স্পষ্ট। কয়েক দিন আগেই ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচে ছিলেন না নেইমার। সেই সময় সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। আবারও সেই ম্যাচটি ছিল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বাদ পড়ার দিন কয়েকের মাঝেই।সেই সমালোচনার জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমার লিখেছিলেন, ‘আমি ছুটির দিনে নিজের মতো সময় কাটিয়েছি। সকালে কাজ করেছি, খেলায় যাইনি, আবার অনুশীলনে ফিরেছি। তবুও মানুষ কথা বলেই যাচ্ছে। আমি কি অনুশীলন করব না, নাকি এ নিয়েও আপনাদের সমস্যা আছে? আপনারা নিজেদের চরকায় তেল দিন।’মাঠে নেমেও নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন সান্তোসের নাম্বার টেন। ম্যাচে দুটি গোল করেন তিনি। আক্রমণভাগে ছিলেন সবচেয়ে প্রাণবন্ত ফুটবলারও। তবে তার জোড়া গোলও শেষ পর্যন্ত সান্তোসকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি। লড়াই শেষে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় নেইমারদের।ব্যক্তিগতভাবে গোল আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিক থেকে ম্যাচটি নেইমারের জন্য ইতিবাচক হলেও দলীয় ফলাফল কিছুটা হতাশাই বাড়িয়েছে। তবু বিতর্কের সপ্তাহ শেষে ব্রাজিলিয়ান তারকা যেন একটি বার্তাই দিয়েছেন, সমালোচনার উত্তর তিনি মুখে নয়, দিতে চান পায়ের জাদুতেই।