স্পোর্টস ডেস্ক: ২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের সম্ভাবনা নিয়ে ফিফার আলোচনার তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, এমন উদ্যোগ বিশ্ব ফুটবলের জন্য ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং এটি ঘরোয়া ফুটবলের ওপর আরও বড় চাপ সৃষ্টি করবে।
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত–কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপ যতই মর্যাদাপূর্ণ হোক, ফুটবল শুধু একটি টুর্নামেন্টকে ঘিরে আবর্তিত হয় না।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও সমালোচনা করে তিনি বলেন, ‘এক দশক ধরে তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় আছেন, তাতে বড় ধরনের ত্রুটি রয়েছে। আমার মতে, ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের দিকে।’
বিশ্বকাপের পরিধি বাড়ানোর বিরোধিতা করে তেবাস বলেন, ‘মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়। ফুটবল লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, অথচ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পান তুলনামূলক অল্পসংখ্যক খেলোয়াড়।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে বিভিন্ন লিগ দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। এর মধ্যেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের চিন্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
তেবাসের ভাষায়, ‘আমাদের এখন জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমানো এবং ঘরোয়া লিগগুলোকে আরও সুরক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু এর পরিবর্তে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেন, শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available