স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে স্পেন। পুরুষ ও নারী—দুই বিভাগ এবং বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ বছরে মোট ১৬টি আন্তর্জাতিক শিরোপা জিতে দেশটি বিশ্ব ফুটবলের অন্যতম সফল শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিল লুইস দে লা ফুয়েন্তের দল। এর মাধ্যমে ২০১০ সালের পর আবারও ইউরো জয়ের পর বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল স্প্যানিশরা।
নারী ফুটবলেও সমান সফল স্পেন। ২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়ের পর পুরুষ দলের বিশ্বকাপ শিরোপা দেশটির ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। একই সময়ে নারী ও পুরুষ—উভয় বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল অর্জনও স্পেনের ঝুলিতে যোগ হয়েছে।
শুধু সিনিয়র পর্যায় নয়, বয়সভিত্তিক দলগুলোর পারফরম্যান্সও স্পেনের সাফল্যের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে নারী ও পুরুষ ফুটবলে ইউরোপীয় ও বিশ্ব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬টি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে দেশটি।
এই সময়ে নারী ফুটবলে স্পেন জিতেছে নারী বিশ্বকাপ, নেশনস লিগ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ ইউরো এবং অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বিশ্ব ও ইউরোপ শিরোপা। অন্যদিকে পুরুষ ফুটবলে বিশ্বকাপ, ইউরো, নেশনস লিগ, অলিম্পিক স্বর্ণ এবং অনূর্ধ্ব-১৯ ইউরো শিরোপা জিতেছে তারা।
ফুটবল বিশ্লেষকদের মতে, এই সাফল্যের মূল ভিত্তি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী গ্রাসরুট কাঠামো এবং একাডেমিভিত্তিক খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা। স্প্যানিশ সাংবাদিক ও ফুটবল বিশ্লেষক গিলেম বালাগে মনে করেন, এটি কেবল একটি সফল দলের গল্প নয়; বরং একটি সুসংগঠিত ফুটবল দর্শনের প্রতিফলন।
নারী ফুটবলের উন্নয়ন নিয়েও ইতিবাচক পরিবর্তন এসেছে স্পেনে। অবকাঠামোগত উন্নয়ন, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং পেশাদার পরিবেশ নারী ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলার মারিয়া গারিদো।
অন্যদিকে, লামিন ইয়ামাল ও পাউ কুবারসির মতো তরুণদের উত্থান স্পেনের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলেছে। সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট এবং ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও স্পেনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন।
সূত্র: রয়টার্স, ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available