• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৩:৫২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২

সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানের পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে শুক্রবার জাপানের উদ্দেশে যাত্রা করেন আফঈদা খন্দকার, মনিকা চাকমারা।

এশিয়ান গেমস সামনে রেখে চীনে বেশ কয়েক দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে কন্ডিশনিংয়ের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। গুয়াংজুর ক্যাম্প শেষে এবার জাপানে গিয়ে গেমসের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন কোচ পিটার বাটলারের শিষ্যরা।

এবার দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাম্প্রতিক সাফল্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও ভালো করার প্রত্যাশা দলের।

বাংলাদেশের গ্রুপও বেশ কঠিন। ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার দুই শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ফলে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ঋতুপর্ণা-তহুরাদের।

১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, যা বাংলাদেশ সময় দুপুর ২টা।

১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিও শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে। নাগাই স্টেডিয়ামে এই ম্যাচও শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শক্তিশালী দুই কোরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পাশাপাশি মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট অর্জন করাই হবে দলের অন্যতম লক্ষ্য। গ্রুপের সেরা দলগুলোই নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

জাপানের নাগোয়া ও আইচি শহরে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, নারী ফুটবল, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, পুরুষ ও নারী হকি, জুডো, পুরুষ ও নারী কাবাডি, কারাতে, শ্যুটিং, সার্ফিং, সাঁতার, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১