স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুইস দিয়াজের কলম্বিয়া। দুই দলই এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে শেষ ম্যাচে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে দুই দলেরই।
২৮ জুন রোববার বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। আর পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে শেষ করাটা নকআউট পর্বে তাদের জন্য আরও কঠিন পথ তৈরি করতে পারে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া থাকবে। তাই রোনালদোরা চাইবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করতে।
এদিকে, প্রতিপক্ষ হিসেবে পর্তুগালকে নিয়ে সতর্ক থাকছেন দলটির কোচ নেস্তর লরেঞ্জো। তিনি মনে করেন, ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগালের বিপক্ষে বিশেষ কৌশল ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতে হবে।
লরেঞ্জো বলেন, আমরা নিজেদের খেলার ধরন ও ফুটবলীয় পরিচয় ধরে রাখার চেষ্টা করব। তিনি যোগ করেন, ভিতিনহা ও রোনালদো দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একজন মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করেন, অন্যজন গোল করার ক্ষেত্রে ভয়ংকর।
অন্যদিকে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, মিয়ামিতে বড় সমর্থকগোষ্ঠীর সামনে খেলতে হবে তাদের। কারণ, এই অঞ্চলে বিপুল সংখ্যক কলম্বিয়ান সমর্থক রয়েছে।
অপটার সুপারকম্পিউটারের হিসাব মতে, এই ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে আছে পর্তুগাল। তাদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ, যেখানে কলম্বিয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২৫.১ শতাংশ।
অপটার মতে, সামগ্রিকভাবে ৫৩.৩২ শতাংশ সম্ভাবনা নিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে থাকার জন্য কলম্বিয়াই ফেভারিট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available