গ্রুপসেরা কলম্বিয়া, রানারআপ রোনালদোর পর্তুগাল
স্পোর্টস ডেস্ক: গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এই ফলেই ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে পর্তুগাল।গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কঙ্গো। ফলে ‘কে’ গ্রুপ থেকে এই তিন দলই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।ফ্লোরিডার মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে বলের দখল ও আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে ছিল কলম্বিয়া। দলটি ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে ২৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে পর্তুগাল ১৩টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।প্রথমার্ধে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস অসাধারণ সেভ করে দলকে বিপদমুক্ত করেন। অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাও দুর্দান্ত পারফর্ম করেন। তিনি ম্যাচে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন, যা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিলিয়ে তার মোট সেভের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডেভিনসন সানচেজের হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত কোনো দলই ব্যবধান গড়ে তুলতে পারেনি।গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া শেষ ৩২-এ মুখোমুখি হবে ‘এল’ গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী ঘানার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই সকাল সাড়ে ৭টায়।অন্যদিকে ‘কে’ গ্রুপের রানারআপ পর্তুগাল শেষ ৩২-এ খেলবে ‘এল’ গ্রুপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই ভোর ৫টায়।৪৮ দলের সম্প্রসারিত এই টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত পর্তুগাল নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।