স্পোর্টস ডেস্ক: নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে বড় ব্যবধানের জয়ের বিকল্প ছিল না সেনেগালের সামনে। সেই লক্ষ্য পূরণে দুর্দান্ত পারফরম্যান্সই দেখিয়েছে আফ্রিকার দলটি। কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর আশা জিঁইয়ে রেখেছে সেনেগাল।
ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে টানা দুই পরাজয়ের পর বিদায়ের শঙ্কায় থাকা সেনেগাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দলের হয়ে গোল করেন হাবিব দিয়ারা (২), ইসমাইলা সার, পাপে গুয়ে এবং ইলিম্যান এনদিয়ায়ে।
এই জয়ের ফলে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে সেনেগাল। তবে শেষ ৩২ নিশ্চিত করতে এখনো অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে তাদের। অন্যদিকে টানা তিন হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ইরাকের।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে আসা বলে সেকের হেড হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। বিশ্বকাপে এটি সেনেগালের ইতিহাসে দ্রুততম গোল।
১৩তম মিনিটে আরও বিপদে পড়ে ইরাক। ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করে রেফারি রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও রিপ্লেতে দেখা যায়, তিনি গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেছিলেন। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইরাককে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সেনেগাল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই কামারার দারুণ অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার।
এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন পাপে গুয়ে। কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন হাবিব দিয়ারা। ম্যাচের শেষ দিকে ইলিম্যান এনদিয়ায়ের দুর্দান্ত দূরপাল্লার শটে পঞ্চম গোলটি আসে।
দাপুটে এই জয় তুলে নিয়ে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে সেনেগাল। এখন শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available