স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে দলের অনুশীলনে ফিরতে পারবেন না।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, তিনি আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরতে পারবেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমার আড়াই বছরের বেশি সময় পর আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান। ২৬ সদস্যের দলে তাকে রাখা হয় অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায়।
কোচ আনচেলত্তি বলেন, নেইমার শুধু টেকনিক্যাল দক্ষতার জন্যই দলে গুরুত্বপূর্ণ নন, বরং তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক ভূমিকা বিবেচনায় নেওয়া হয়েছে।
বর্তমানে নেইমার যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে থাকলেও এখনো পূর্ণমাত্রার অনুশীলনে নামেননি। সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলন করলেও তিনি মূলত পুনর্বাসন ও ফিজিওথেরাপিতে সময় কাটাচ্ছেন।
গত ১৭ মে সান্তোসের হয়ে একটি ম্যাচে পায়ের পেছনের পেশিতে (ক্যাফ মাসল) চোট পান নেইমার। পরে ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর তার গ্রেড-টু ইনজুরি ধরা পড়ে। এরপর থেকেই তিনি চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যেই আছেন।
সূত্র: গ্লোবো, রয়টার্স, ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available