ডেস্ক রিপোর্ট: ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের শিরোপাজয়ী দলটি এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। ফাইনালে আজ ৬ জুন শনিবার সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও ম্যাচটি দেখা যাবে।
২০১৬ সালের পর এবারই প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে এখন আর মাত্র এক ধাপ দূরে রয়েছে দলটি।
তবে এবারের আসরে গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলের পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। এরপরও ফাইনালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অধিনায়ক মারিয়া মান্দার দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘মানসিকভাবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছি। সামনে যাই আসুক, সেটি মোকাবিলা করতে হবে। এই সুযোগ আমরা অর্জন করেছি। তাই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচের বাইরের কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না, আমাদের পুরো মনোযোগ ম্যাচ ও পারফরম্যান্সে।’
অন্যদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। পাঁচবারের চ্যাম্পিয়ন স্বাগতিকরা এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। গ্রুপ পর্বে তারা ১৪টি গোলও করেছে।
তবে সর্বশেষ দুই আসরে ভারত ফাইনালে উঠতে পারেনি। সেই দুই আসরেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য সাবিনা-ঋতুপর্ণাদের।
সূত্র: বাংলা ট্রিবিউন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available