স্পোর্টস ডেস্ক: ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি দারুণভাবেই শুরু করল ব্রাজিল। ১ জুন সোমবার রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গোল উৎসবের ম্যাচে পানামাকে ৬-২ গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর গোলরক্ষক ছাড়া একসঙ্গে ১০ খেলোয়াড় বদলে কোচ কার্লো আনচেলত্তির সাহসী সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কানায় কানায় পূর্ণ মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ৩৫ গজ দূর থেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত শটে এগিয়ে যায় ব্রাজিল।
তবে ১৪তম মিনিটে কুইয়ারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। এরপর বেশ কিছুক্ষণ গোলের দেখা না পেলেও ৩৯তম মিনিটে ভিনিসিউসের নিখুঁত ক্রস থেকে কাসেমিরোর শক্তিশালী হেডে আবারও এগিয়ে যায় সেলেসাওরা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেই দেখা মেলে ম্যাচের আসল নাটকীয়তার। বিরতির পর গোলরক্ষক ছাড়া বেঞ্চের বাকি ১০ খেলোয়াড়কে মাঠে নামান আনচেলত্তি। তার এই কৌশল মুহূর্তেই ফল দিতে শুরু করে।
৫৩তম মিনিটে হায়ানের গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল। এরপর ৬০তম মিনিটে লুকাস পাকেতা এবং ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে থিয়াগোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।
এতেও থামেনি ব্রাজিলের আক্রমণ। ৮১তম মিনিটে পাকেতার পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন দানিলো সান্তোস। তিন মিনিট পর দূরপাল্লার এক শটে পানামার হয়ে ব্যবধান কমান কার্লোস হার্ভে। তবে সেটি শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন দাপুটে জয় প্রতিপক্ষদের জন্য স্পষ্ট বার্তা বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
উল্লেখ্য, আগামী রোববার প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। আর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available