র্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামাকে রুখে দিল ভারত
স্পোর্টস ডেস্ক: ফিফা তালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী পানামাকে রুখে দিল ভারত। রায়ানের গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ফলে ড্র হলো ম্যাচটি।বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৬৮ মিনিট পর্যন্ত ভারতের সামনে জয়ের সুবর্ণ সুযোগ ছিল। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের (১৩৮) থেকে অনেক এগিয়ে থাকা এবং সদ্য বিশ্বকাপ খেলা পানামার (৪৪) বিরুদ্ধে প্রথমার্ধেই লিড পেয়েছিল ব্লু টাইগার্সরা। ৪১ মিনিটে আকাশ মিশ্রের পাস থেকে নিখুঁত শটে গোল করে ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পানামা। ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় ওমার ভাললেসের দূরপাল্লার চমৎকার শটে সমতা ফেরায় সফরকারীরা। এরপর গোলের একাধিক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল না হওয়ায় ১-১ ফলাফলেই ম্যাচ শেষ হয়। বৃষ্টিবিঘ্নিত ও কঠিন পরিস্থিতিতে খালিদ জামিলের দলের এই লড়াই ভারতীয় ফুটবলের অন্যতম গৌরবের মুহূর্ত হিসেবেই চিহ্নিত হয়ে থাকল। ব্রাজ়িল ও উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।