স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল ইরান। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও স্পষ্ট করেছেন, ইরান দলকে যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলতে হবে।
১৫ এপ্রিল বুধবার সম্প্রচারমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইনফান্তিনো।


তিনি বলেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। আমরা আশা করি তখন পরিস্থিতি শান্ত থাকবে, যা সবার জন্যই ভালো হবে।’

ইরানের অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো বলেন, একটি দেশ হিসেবে ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিনি আরও বলেন, খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত এবং প্রয়োজনে ফুটবলই দেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ইরান শুরুতে টুর্নামেন্ট বয়কটের কথাও ভাবছিল। পরে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এরপর ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানালেও, ফিফা সূচি ও ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দেয় এবং যুক্তরাষ্ট্রেই খেলার সিদ্ধান্ত বহাল রাখে।
উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available