বিনোদন ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিওকে ঘিরে সামাজিকমাধ্যমে চলা বিতর্কের মধ্যে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় বর্ষার গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’–এর শিল্পী ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান। তিনি বলেছেন, ভিডিওটিতে কোনো নেতিবাচক বিষয় নেই এবং এ কারণে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে না।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেজবাহ রহমান বলেন, গানটি ১৯৮৯ সালে তৈরি এবং ১৯৯০ সালে প্রকাশিত হয়। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তা অটুট রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সম্প্রতি ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল এই গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করলে তা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক ও তার সহকর্মীরাও একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করেন।
বিতর্ক প্রসঙ্গে মেজবাহ রহমান বলেন, সমাজে শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে থাকা উচিত এবং শিক্ষকদের কিছু বিষয়ে দায়িত্বশীলও হতে হয়। তবে আলোচিত ভিডিওটিতে তিনি কোনো অনৈতিক বা আপত্তিকর বিষয় দেখেননি। তার ভাষায়, একটি নির্দিষ্ট শ্রেণি কী কারণে এতে নেতিবাচকতা খুঁজে পেয়েছে, তা তার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে অস্বীকার করার সুযোগ নেই। তাই কোনো একটি দিক বিবেচনা করে কাউকে দোষারোপ না করে বিষয়টি সহনশীলভাবে দেখা প্রয়োজন।
এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available