• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫৫:৪০ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

‘আজ চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে’

১৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৩২:৫৮

‘আজ চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে’

ডেস্ক রিপোর্ট: এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে ১৫ জুলাই বুধবার নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪ জুলাই মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে ধারাবাহিক পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব বোর্ডের অধীন এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।

মাহদী আমিন জানান, ভারী বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পরবর্তীতে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা ও দীর্ঘদিনের প্রস্তুতির গুরুত্ব বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে দুটি ভুল থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ায় পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us