• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫০:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

১২ লাখ ৮৭ হাজার ৯২৬ আবেদন

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে তিনভাবে

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯:৪৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে তিনভাবে
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফল প্রকাশের কথা রয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। এ ছাড়াও নির্ধারিত সাইট https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন করেছে। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।

এবারের পুনর্নিরীক্ষণে শুধু নম্বরের যোগ-বিয়োগের ভুল খোঁজা হবে না; উত্তরপত্র পুনর্মূল্যায়নও করা হবে। এত দিন শিক্ষা বোর্ডের নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। আবেদনকারীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে মূলত নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো।

এবার বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণ করতে গিয়ে শিক্ষা বোর্ডগুলোকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এ জন্য প্রয়োজনীয়সংখ্যক পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। ফলে প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

ফল প্রকাশের পর গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ৫৮ হাজার ১২টি আবেদন করেছে।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লায় ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৪