অনলাইন ডেস্ক: দেশে ও বিদেশে যেখানেই যান, সেখানেই কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৮ নভেম্বর শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু এনবিআর নয়, সব বিষয়েই পরামর্শ ও আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে চান তারা। আর সরকারের পক্ষ থেকে না রাখা হলেও ব্যবসায়ী স্টেকহোল্ডারদের সাড়া ও অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।
সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার যতই উদ্যোগী বা সক্রিয় হোক না কেন, স্টেকহোল্ডাররা এগিয়ে না এলে সংস্কার সফল হবে না। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ মানুষের কল্যাণে প্রয়োজনে ‘পেইনফুল ডিসিশন’ বা কঠিন সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে এবং চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা নানাভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি।
গভর্নর আরও বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে এলসি খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেন খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।
ব্যবসায়ীদের অর্থায়নের ব্যয় কমাতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দিয়ে গভর্নর বলেন, ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (০.৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে এটি আরও কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও জানান তিনি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available