• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৬:২১ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ডিএনসির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

১২ জুলাই ২০২৬ দুপুর ০২:৩০:১৬

জয়পুরহাটে ডিএনসির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে মাদকসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১২ জুলাই রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার আক্কেলপুর, কালাই ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন-আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের মো. হারুন (৪১), গোপীনাথপুর গ্রামের মো. আব্দুর সোবাহার (৩২), কালাই উপজেলার আতাহার গ্রামের মো. আব্দুর ওহাব (৪৭), পাঁচবিবি উপজেলার ত্রিপুরা গ্রামের মো. রাশেদ মণ্ডল (২৬) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. আব্দুর রশিদ শেখ (৪২)।

অভিযানে মোট ১ হাজার ৭২১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২০ পিস ইয়াবা, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা এবং দুটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানায়, আক্কেলপুর ও কালাই উপজেলায় পৃথক অভিযানে ২১০ পিস (এর মধ্যে ১৯০ পিস টাপেন্টাডল ও ২০ পিস ইয়াবা) এবং ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া কালাই ও আক্কেলপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে যথাক্রমে তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us