সিলেট প্রতিনিধি: হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্স ও ডেকচি খুলে ১৮ দিনে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর পাশাপাশি মিলেছে সোনা, রূপা, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, একাধিক চিঠি এবং তাবিজ।
১১ জুলাই শনিবার মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতকরণে গঠিত কমিটির তত্ত্বাবধানে ৮টি দানবাক্স ও ৩টি ডেকচি খুলে টাকা গণনার কাজ শুরু হয়। দুপুর থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেলে শেষ হয়। পরে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান, এবার মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
এ ছাড়া দানবাক্সে ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম সোনাসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২০ মার্কিন ডলার, ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১ দশমিক ৪৫ ওমানি রিয়াল, ৫৪ দশমিক ২০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি এবং ১০ সিঙ্গাপুর ডলার।
মাজার কর্তৃপক্ষ জানায়, গত ১৮ দিনে ভক্তরা একটি গরু ও ৬৫টি ছাগলও দান করেছেন।
এ সময় দানবাক্স থেকে সাবেক প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হযরত শাহজালাল (র.) এর উদ্দেশে লেখা একাধিক চিঠিও উদ্ধার করা হয়। এছাড়া পাওয়া গেছে তান্ত্রিক কবিরাজের ব্যবহৃত বলে ধারণা করা কয়েকটি তাবিজ।
টাকা গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসন ও মাজারসংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে প্রথমবার দানবাক্স ও ডেকচি খুলে চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা পাওয়া গিয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available