নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
২৩ নভেম্বর সোমবার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৮ বছর ৯ মাস দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর রোববার রাত সাড়ে ৯টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে পৌঁছালে মাদক কারবারিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে একই থানার এসআই মো. রফিককে (বিপিএম)।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available