• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৩:০১ (23-Feb-2026)
  • - ৩৩° সে:
রাঙ্গাবালীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

রাঙ্গাবালীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলাটি দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলায় সোমবার সকালে ২২ ধারায় রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশুটির জবানবন্দি গ্রহণ করেন।এ মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে ঘটনার বর্ণনা দিয়ে শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।’এসময় তিনি আরও বলেন, ‘ছোটোবেলায় শিশুটির মা মারা গেছে। বাবা ক্যান্সার আক্রান্ত। ভাই কৃষি কাজ করে যা আয় করে তা দিয়েই তাদের সংসার চলে। খুবই গরীব পরিবার। অসহায়ত্বের কারণে মেয়েটির লেখাপড়াও হয়নি।’গত ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার বিকেলে রাঙ্গাবালী থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন শিশুটির বাবা কর্মস্থলে ছিলেন। এ সময় বাড়িতে শিশুটি ও তার দাদি অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, শিশুটির দাদি পুকুরে হাড়ি-পাতিল ধুতে গিয়েছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে ঘরে প্রবেশ করে মুখ চেপে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।শিশুটির বাবা বলেন,  ‘আমার মেয়ের শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার চাই।’এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার একমাত্র আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’