ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর প্রধান সীমান্তস্তম্ভসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের পক্ষ থেকে দুই শিশু, দুই নারী ও ১০ পুরুষসহ মোট ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
বিষয়টি বুঝতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তাদের বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন: সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
স্থানীয় সূত্রগুলোর দাবি, বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১৪ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এদিকে, নতুন করে পুশ-ইনের চেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবির সতর্ক টহল দলের বাধায় তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available