চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।
১৬ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/এমপি-এর কাছে এ ঘটনা ঘটে। এ সময় ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানায়, পরবর্তীতে বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।
ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির সংশ্লিষ্ট সূত্র।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available