শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্য তিনজন হলেন—জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, মো. মিজানুর রহমান মীর ও মো. রিপন সরদার।
পুলিশের দাবি, গ্রেফতার জাহাঙ্গীর হোসেন নাশকতার ঘটনায় অর্থের জোগান দিয়েছেন। তিনি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী এবং চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেফতার অন্যরাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার পর বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার চারজনই এজাহারনামীয় আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available