অনলাইন ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বেলা ২টার দিকে বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থিত স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। দুজনই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুক্তভোগী দুই ব্যক্তি। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই মো. শফিকুল ইসলাম আরও জানান, নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available