• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫২:২৩ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৪

শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বিকল্প যানবাহনে এবং বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাস দুটিতে ভাঙচুর করা হয় এবং চালক ও সহযোগীদের মারধর করে আহত করা হয়। শ্রমিকদের কাছে থাকা ট্রিপের নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

একই সঙ্গে বাসে হামলা ও ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ