• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৪:২১ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪১:০০

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

২ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে হালুয়াঘাটের উদ্দেশে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯) এবং হালুয়াঘাট থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১১০৭) আলালপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে মো. আব্দুর রাজ্জাক (৬০) ও মো. তোফাজ্জল হোসেন (৬০)-এর পরিচয় শনাক্ত হয়েছে।

মো. আব্দুর রাজ্জাক (৬০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর পিতার নাম মো. হোসেন আলী এবং মাতার নাম মোছা. জুবেদা খাতুন। তিনি হালুয়াঘাট, উপজেলার ধারা কচুয়া এলাকার বাসিন্দা ।

অপর নিহত মো. তোফাজ্জল হোসেন (৬০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত তৃতীয় ব্যক্তি আনুমানিক ৫০ বছরের একজন অজ্ঞাতনামা পুরুষ। তবে তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ