আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২০০ বছর ও টানা পাঁচ প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মহারাষ্ট্রের একটি পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বহুদিন পর ঘরে মেয়ের আগমনে আনন্দে মেতেছে পরিবারটি। হাসপাতাল থেকে মা ও নবজাতককে ফুলসজ্জিত রথে চড়িয়ে, ব্যান্ড ও ঢাকঢোল বাজিয়ে রাজকীয় আয়োজনে বাড়িতে নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে এ আনন্দের আয়োজন করা হয়। পরিবারের সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘গার্গী’।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর স্থানীয়দের উপস্থিতিতে গার্গী ও তার মাকে বরণ করে নিতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করে পরিবার। ফুল দিয়ে সাজানো রথে মা ও নবজাতককে বসিয়ে ঢাকঢোল, কাঁসর ও ব্যান্ডের সুরে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন।
গার্গীর দাদু লিম্বাজী দহিফলে নাতনির জন্মে আবেগাপ্লুত হয়ে বলেন, পরিবারে কন্যাসন্তানের আগমন তাদের জন্য পরম সৌভাগ্যের। এতদিন পরিবারে কোনো মেয়েসন্তান না থাকার যে আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে তার অবসান হয়েছে।
গার্গীর ঠাকুমা সুরেশা দহিফলে নাতনির জন্মে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী এসেছে।’
গার্গীর বাবা বলেন, অনেক পরিবার ছেলেসন্তানের প্রত্যাশা করলেও কন্যাসন্তানের জন্মের আনন্দ ও অনুভূতি আলাদা। মেয়েকে ফুলের মতো করে বড় করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কন্যাসন্তানের জন্ম আনন্দ ও গর্বের বিষয়—সমাজে এমন ইতিবাচক বার্তা দিতেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। মেয়েসন্তানের জন্মও যে সমান আনন্দের সঙ্গে উদযাপন করা যায়, সেটিই তুলে ধরতে চেয়েছে পরিবারটি।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available