ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বী (২৭) হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিএসসি দল।
র্যাব জানায়, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী পাশের একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় রাব্বীর ভাই রিয়াদ তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪-এর সিপিএসসি। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্তের চেষ্টা চালানো হয়।
র্যাবের দাবি, ঘটনার মাত্র ৮ ঘণ্টার মাথায় ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুল খালেক (২৬)কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available