কুষ্টিয়া প্রতিনিধি : টানা চার দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
১৫ জুন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তের ১৫০ এর ৩এস পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফ'র পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যান।
এর আগে শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি জনতা মিলে ওই ১২ জনকে পুশব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করছিল। মাথার ওপর খোলা আকাশ, চারপাশে সীমান্তের কাঁটাতারই যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। দিন গড়িয়ে রাত আসে আবার রাত পেরিয়ে ভোর হয়। কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছিল না। অনিশ্চয়তার দীর্ঘ অপেক্ষাই কেটে যাচ্ছিল নারী ও শিশুসহ ১২ জন মানুষের জীবন।
এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় লোকজন কৌশলে তাঁদের খাবার পৌঁছে দিচ্ছেন। তাঁদের সঙ্গে কথা বলেও আসছেন। ওই ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা তিনটি পরিবারের সদস্য। এর মধ্যে পাঁচ সদস্যের একটি পরিবারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, চার সদস্যের একটি পরিবারের বাড়ি সাতক্ষীরায় এবং তিন সদস্যের একটি পরিবারের বাড়ি খুলনায় বলে তাঁরা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মানবিক কারণে তাঁরা কৌশলে ১২ জনের কাছে বিস্কুট, পাউরুটি, দুধ, কলা ও পানি পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তিন বেলা খাবারের ব্যবস্থাও করেছিলেন।
এর আগে শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available