ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাঠি ও বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ (৩০) ও ছাত্রলীগকর্মী মো. সজিব মিয়া (২০)। দুজনই উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available