জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে পুরাতন টিন, লোহার (ভাঙারি) ব্যবসা করতেন। তিনি দোকানেই রাতযাপন করতেন এবং সেখানে রান্নাবান্না করে খাবার খেতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রাত ৮টার দিকে নিহতের ভাই রিক্সন দোকানে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দোকানের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের মেঝেতে সামিউল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মাদারগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিষ রায় জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available