• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫২:০১ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম: লিয়াকত আলী খাঁন মুকুল

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:০৪

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম: লিয়াকত আলী খাঁন মুকুল

ডেস্ক রিপোর্ট: ফরিদা বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে। মায়ের জানাজার আগে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন তাঁর বড় ছেলে ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি বলেছেন, যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম।

৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম। পরে তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার গুলশান আজাদ মসজিদে জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন লিয়াকত আলী খাঁন মুকুল। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘১৫ বছর বয়সে বাবা হারিয়েছি। সেই সময় থেকে মা-ই আমাদের অভিভাবক ছিলেন। আমরা চার ভাই এখানে উপস্থিত আছি। উনার জন্যই আমরা চার ভাই একসঙ্গে আছি।’

মায়ের ধর্মীয় জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি হজ পালন করেছেন, ওমরাহও করেছেন। মহান আল্লাহ তাঁর জীবনের গুনাহের খাতা মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম। তিনি আমাকে আদর দিতেন, চুমু দিতেন। আজ তিনি আমাদের মধ্যে নেই।’

তিনি আরও বলেন, ‘আমার মায়ের কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন।’ একই সঙ্গে সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁর মাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন। মায়ের কোনো পাওনা থাকলে তা পরিশোধের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তিনি।

জানাজায় মরহুমার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর দৌহিত্র, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, ছেলে ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, দৌহিত্র ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ পরিবারের অন্য সদস্যরা।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাতে হাসপাতালে গিয়ে এবং পরে তাঁর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। জানাজা ও দাফনেও তারা অংশ নেন এবং মরহুমার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ফরিদা বেগমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা এবং দৈনিক আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

এ ছাড়া ঢাকা ক্লাব লিমিটেড, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)সহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

ফরিদা বেগমের জানাজায় অংশ নিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, আগামীর সময়ের নির্বাহী সম্পাদক এহসানুল হক বাবু, স্থপতি রফিক আজম, অভিনেতা নাদের চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজায় রূপায়ণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

সূত্র: দৈনিক দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫৯





ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৪৬


টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৩

মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত
মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:২৪

নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক
নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:১১