• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৪৪:২৩ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

নারী বন্দির পলায়ন

কাশিমপুর কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৭:৩১

কাশিমপুর কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৮ জুলাই শনিবার বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি উঠে আসায় সংশ্লিষ্ট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত মেট্রনদের তদারকিতে ঘাটতি দেখা দিলে সেই সুযোগে বন্দি রিম্পা (২১) অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ কারাগারজুড়ে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, তিনি সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন।

এআইজি মো. জান্নাতুল ফরহাদ বলেন, পলাতক বন্দিকে গ্রেফতারে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে এ পলায়নের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আমেজে মেক্সিকোতে ৭৫০ গণবিয়ে
বিশ্বকাপের আমেজে মেক্সিকোতে ৭৫০ গণবিয়ে
১৮ জুলাই ২০২৬ দুপুর ০১:২৩:৩৬










Follow Us