• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০৯:৪৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭

ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরে একটি কারাগারে সৌদি আরবের বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলায় অন্তত আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।৭ সেপ্টেম্বর সোমবার হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, আল-হাজমের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশনে হামলার পরের কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা যায়।তবে হামলার অভিযোগ নিয়ে এখনো সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি বাহিনী আল-জাওফে একাধিক হামলা চালাচ্ছে এবং হুতিদের অবস্থানের ওপর নজরদারি ড্রোন ও অস্ত্র ব্যবহার করছে। গত ২৪ ঘণ্টায় চারটি সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি। এর মধ্যে একটি চীনা নির্মিত ড্রোন রয়েছে বলে দাবি করেছে হুতিরা।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুতি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে লড়াই আবারও তীব্র হয়েছে। সরকারি বাহিনী আল-জাওফ, আল-বায়দা, দাহলা ও মারিবসহ কয়েকটি এলাকায় অগ্রগতির দাবি করেছে। একই সময়ে তাইজ ও হোদেইদায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ উভয় পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, সাম্প্রতিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে।সূত্র: আল জাজিরা