মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় মাটির নিচে পুতে রাখা ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় নার্গিস বানু (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিং এ এ তথ্য জানায় গাংনী থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ছেলে শাহীনের নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ চলছিল। বাড়িতে বাইরের শ্রমিক থাকায় নিজের ও দুই মেয়ের ব্যবহৃত ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার একটি প্লাস্টিকের পাত্রে রেখে পলিথিনে মোড়ানো অবস্থায় বাড়ির উঠানে দরজার সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন তিনি। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা।
গত ৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে টাইলস মিস্ত্রিরা চলে যাওয়ার পর সেখানে মাটি খোঁড়া ও স্বর্ণালংকারগুলো পাওয়া যায়নি। বিষয়টি জানার পর প্রবাসী ছেলে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, টাইলসের কাজ করা দুই শ্রমিক মাটি খুঁড়ে স্বর্ণালংকার বের করে নিয়ে যাচ্ছেন।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের মোমিন খান (৩৬) ও আলাল (২২) কে শনাক্ত করে পুলিশ।
পরে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে আলালকে গ্রেফতার করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুটি নেকলেস, তিন জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, তিনটি চেইন, একটি লকেট, সাতটি বালা এবং একটি বেঙ্গল বালা।
পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available