নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ জানিয়েছে, ২৭ মার্চ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে দুই শুটারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরাসরি কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পরিকল্পনা অনুযায়ী এই হত্যার অংশ হিসেবে কাজ করার বিষয়ও নিশ্চিত করেছে।


র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির আজ বেলা ১১টায় মিরপুর-১, পাইকপাড়ায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গত বছরের ১৭ নভেম্বর হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী মিরপুর ১২ নম্বরের বি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে কিবরিয়াকে গুলি করে হত্যা করে। ঘটনায় দুর্বৃত্তরা ব্যাটারি চালিত অটোরিকশায় পালানোর চেষ্টা করে এবং চালক আরিফ হোসেনের কোমরে গুলি করে। স্থানীয়রা জনি ভূঁইয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জনিসহ পাঁচজনকে আসামি করা হয়। অপর আসামিদের মধ্যে রয়েছেন: সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) এবং রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলার তদন্ত করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available